প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আলহমুদি।
সোমবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা খাতে অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।
আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষ মনে করে, পারস্পরিক আস্থা, শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে।
প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং প্রশিক্ষণ সহযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হয়। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উভয় পক্ষ আশা প্রকাশ করে, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও কার্যকর, ফলপ্রসূ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছাবে।
সাক্ষাৎটি দুই দেশের পারস্পরিক আস্থা, প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ক আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করা হয়।