প্রবাসী বাংলাদেশিদের দেশে অর্থ সঞ্চয়, ব্যবস্থাপনা ও বিনিয়োগের সুযোগ সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) হিসাব চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ হিসাবের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে অর্থ জমা, বিনিয়োগ ও ব্যবহারের পাশাপাশি মূলধন ও অর্জিত সুদ বা মুনাফা দেশে থেকে বিদেশে নেওয়ার সুযোগ থাকছে।
গত ২৯ অক্টোবর ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ হিসাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।
এনআরসিটি হিসাব তিন ধরনের—ট্রাস্ট এনআরসিটিএ সঞ্চয়ী হিসাব, ট্রাস্ট এনআরসিটিএ চলতি হিসাব এবং ট্রাস্ট এনআরসিটিএ স্থায়ী আমানত। কোনো প্রাথমিক জমা ছাড়াই সম্পূর্ণ অনলাইনে এ হিসাব খোলা যাবে। এতে জমা অর্থের মূলধনসহ অর্জিত সুদ বা মুনাফা অবাধে বিদেশে নেওয়ার সুযোগ রয়েছে। ব্যাংকের অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখা ও অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।
হিসাবটির উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় সুদহার, মুনাফা পুনর্বিনিয়োগ, বৈদেশিক মুদ্রায় রূপান্তর, মাসিক সঞ্চয় প্রকল্প ও পোর্টফোলিও বিনিয়োগের সুযোগ। এ ছাড়া হিসাবের স্থিতির বিপরীতে ঋণ নেওয়া এবং প্রতিযোগিতামূলক বিনিময় হার পাওয়ার সুবিধাও থাকছে।
ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নতুন এ হিসাবের মাধ্যমে প্রবাসীরা দেশে তাঁদের কষ্টার্জিত অর্থ নিরাপদে সঞ্চয় ও বিনিয়োগ করতে পারবেন। একই সঙ্গে বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের আয় দেশে আনা এবং তা ব্যবস্থাপনার ক্ষেত্রেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।