সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, দেশের প্রয়োজন অনুযায়ী মাঠে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যরা এখন ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘২০২৪ সালের ক্রান্তিকালে সেনাবাহিনী দেশের প্রয়োজনেই মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের সেই কঠিন সময়ে সেনাবাহিনীর অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।’
প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, ‘টানা ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনা সদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।’ পরে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতা গত ১৬ মে ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেন। প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ ও ১৭ পদাতিক ডিভিশন এবং কুমিল্লা ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডারগণ।