বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ার কাছাকাছি এলাকায় তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৫০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ট্রলার তিনটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির বলে জানা গেছে। এর মধ্যে দুটি ট্রলার পুরোপুরি সাগরে তলিয়ে গেছে। অপর একটি ট্রলার এখনো ভাসমান রয়েছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।
জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে সাগর উত্তাল রয়েছে। বুধবার সকালে ঢেউ ও বাতাসের তীব্রতা বেড়ে গেলে সাগরে মাছ ধরতে থাকা অনেক ট্রলার বিপাকে পড়ে।
এর মধ্যে নিঝুমদ্বীপের কাছাকাছি এলাকায় তিনটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। পরে আশপাশে থাকা অন্য মাছধরা ট্রলারগুলো এগিয়ে এসে বিপদে পড়া জেলেদের উদ্ধার করে। তিনটি ট্রলারে থাকা ৫০ জন মাঝি-মাল্লাকে নিরাপদে তীরে নিয়ে আসা হয়। এ ঘটনায় কোনো জেলে হতাহত হননি।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে ট্রলারডুবির খবর পাওয়া গেছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ট্রলারগুলোর সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।