মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) জানতে পারে যে সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল এলাকায় অবস্থান নেয়।
অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বিজিবি সদস্যরা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের চ্যালেঞ্জ করা হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকার ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিশন এলাকা থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার করেন।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, ২৩টি টিউবে সংরক্ষিত তিন কেজি উচ্চক্ষমতাসম্পন্ন পাওয়ারজেল নাইনটি বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র-বিস্ফোরক ও অন্যান্য সামগ্রীর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বাহিনী।