আফ্রিকায় শান্তি ও নিরাপত্তাবিষয়ক ‘ডাকার আন্তর্জাতিক ফোরাম’-এ অংশগ্রহণের প্রেক্ষাপটে সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকো বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী সোনকো ফোরামে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জবাবে প্রতিমন্ত্রী এ গুরুত্বপূর্ণ ফোরামে আমন্ত্রণ এবং বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুতে গঠনমূলক আলোচনার সুযোগ দেওয়ায় সেনেগাল সরকারকে ধন্যবাদ জানান।
আলোচনায় সেনেগালের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় নেতা ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেনেগাল সফরের কথা স্মরণ করেন, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
বৈঠকে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নিয়মিত পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ (Foreign Office Consultations) আয়োজনের ওপর গুরুত্বারোপ করে বলেন, এটি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়ক হবে।
এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেনেগালের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী সোনকো সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সেনেগালে মনোনীত রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বর্তমানে তিন দিনের সরকারি সফরে ডাকার অবস্থান করছেন এবং “ডাকার আন্তর্জাতিক ফোরাম”-এ বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।