শহরের ঐতিহ্যবাহী ভৈরব নদীর তীরে অবস্থিত বধ্যভূমি আধুনিক রূপে গড়ে তোলার কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১৫ লাখ টাকার বাজেটে দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও পরিত্যক্ত এই বধ্যভূমিকে নতুন ও দৃষ্টিনন্দন আকারে গড়ে তোলা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা ওবায়দুল ইসলাম জুয়েল, এস্কেন্দার হোসেন, আবুল কালাম আজাদ বুলু, সাঈদ নিয়াজ হোসেন শৈবাল, কামরুজ্জামান শিমুল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তৃতায় ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন বলেন, “বিগত সরকারের সময়ে এই প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার হয়নি। আমরা চাই বধ্যভূমি শুধু স্মৃতির স্থান নয়, বরং ঐতিহাসিক গুরুত্ব, সৌন্দর্য ও দেশপ্রেমের এক অনন্য প্রতীক হয়ে উঠুক।”
তিনি আরও উল্লেখ করেন, ভৈরব নদীর প্রাকৃতিক সৌন্দর্য, নাব্যতা এবং মনোমুগ্ধকর পরিবেশ দেখলে মানুষ মুগ্ধ হবে। এখানে এমন একটি পরিবেশ গড়ে তোলা হবে, যেখানে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে, অনুভব করতে এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পারবে।