রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ সোহেল নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার সোহেল দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
রবিবার সকালে মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সেখানে উদ্ধার হওয়া অস্ত্র, গ্রেপ্তার ব্যক্তির অপরাধমূলক কার্যক্রম এবং সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে তথ্য তুলে ধরবেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
র্যাব জানিয়েছে, রাজধানীতে ছিনতাই ও অস্ত্রনির্ভর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।