প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ কারণে দেশের মানুষ কষ্ট পাচ্ছে।
আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এই সংকট নিরসনে আন্তরিকভাবে কাজ করছে।
তিনি জানান, বিদ্যুৎ সংকট মোকাবিলায় আগামী ১০ বছরের পরিকল্পনা আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদে উপস্থাপন করবে বিএনপি সরকার।
‘সংকটকে’ পুঁজি করে কিছু ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে অভিযোগ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সরকার গঠনের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের পথে শিক্ষার্থীদের সঙ্গে দেখা হলে তাদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন তিনি।
সফরের শুরুতে বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব নদী ও খালে মাছের পোনা ছাড়া হবে। তিনি বলেন, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। জনগণের ভাগ্যের উন্নয়নে সবাইকে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে, দুপুর সাড়ে ১২টায় কটিয়াদি উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
পরে কটিয়াদি আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি।