বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে পরশুরাম ও ফুলগাজীতে বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মিডিয়া রোটা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গুলশানের নিজ বাসভবন থেকে ফেনীর পরশুরাম উপজেলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরাম উপজেলার উপকণ্ঠ ও খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের শুভ উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুর দেড়টার দিকে ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থাপিত রুফটপ সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর সেখানে কিছু সময় বিরতি নেবেন তিনি।
সফরের শেষ কর্মসূচি হিসেবে বিকেল সাড়ে ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মিডিয়া টিমের পাশাপাশি নির্ধারিত এসবি কার্ডধারী গণমাধ্যমকর্মী ও এসএসএফ তালিকাভুক্ত মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।