ময়মনসিংহে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আলালকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
র্যাব জানায়, সোমবার দিবাগত রাতে নগরীর আকুয়া ওয়্যারলেস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ আলাল আকুয়া এলাকার মৃত কিতাব আলীর ছেলে।
র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. নয়মুল হক জানান, কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আলাল এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে নাম-পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র্যাব অভিযান চালায়। পরে গ্রেফতার আসামিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।