শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। মাটি দিয়ে প্রতিমার কাঠামো গঠন, খড়ের ওপর মাটির প্রলেপ দেওয়া ও বিভিন্ন অংশ নিপুণভাবে ফুটিয়ে তোলার কাজ চলছে। এরই মধ্যে উপজেলার ২৮টি প্রতিমার কাজ প্রায় শেষ হয়েছে।
প্রতিমাশিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে দেবী দুর্গা ও তাঁর পরিবারের প্রতিমা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কারিগরদের ব্যস্ততা বেড়েছে। প্রতিটি প্রতিমায় শিল্পীরা তুলে ধরছেন তাঁদের সৃজনশীলতা, অভিজ্ঞতা ও দীর্ঘদিনের শিল্পচর্চা।
প্রতিমা তৈরি ব্যাপক কর্মযজ্ঞ এখন প্রায় শেষের পথে। শুধু রং, সাজসজ্জা ও অলংকরণের মাধ্যমে সেগুলো পূজার জন্য প্রস্তুত করা হবে। এদিকে দুর্গাপূজাকে ঘিরে বিভিন্ন পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি লিটন চন্দ্র রায় বলেন, মাদারগঞ্জের ২৮ টি পূজা মণ্ডপে খুব সুন্দর পরিবেশ বিরাজ করছে। দুই একটা ঝুঁকিপূর্ণ থাকলেও এখন পর্যন্ত কোথাও কোন সমস্যা নেই। আশা করি এবার খুব ভালো ভাবে পূজা উদযাপন করতে পারবো।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশিস রায় বলেন, মাদারগঞ্জে ২৮টি প্রতিমার কাজ প্রায় শেষ হয়েছে। পূজাকে ঘিরে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এই উৎসব বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক কারিগরের জীবিকা ও পারিবারিক ঐতিহ্য।
প্রতিমাশিল্পীদের প্রত্যাশা, সবার সহযোগিতা ও উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেবে।