মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের একটি গ্রামে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
রোববার দুপুরে চীন সীমান্তসংলগ্ন নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
স্থানীয় সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাটির নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র গোষ্ঠী ট্যআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে অনাকাঙ্ক্ষিত এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলের ভিডিওচিত্রে বড় বড় গর্ত, বিধ্বস্ত স্থাপনা এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে। পুড়ে যাওয়া গাছপালা ও ধ্বংসস্তূপ থেকে দীর্ঘ সময় ধোঁয়া বের হতে দেখা যায়।
প্রাথমিকভাবে অনেক বাসিন্দা এটিকে বিমান হামলা বলে মনে করেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে পরে কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ হিসেবে শিল্পকারখানায় ব্যবহৃত বিস্ফোরককে দায়ী করে।
এক বিবৃতিতে টিএনএলএ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছে। একই সঙ্গে ঘটনায় দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার কথাও জানিয়েছে সংগঠনটি।