যশোরের শার্শা সীমান্তে ২৬টি স্বর্ণের বারসহ মো. রিপন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের ওজন ৩ দশমিক ৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে বিজিবির রুদ্রপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় স্বর্ণের বার ছাড়াও দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক রিপন শার্শার বসতপুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে। জব্দ স্বর্ণ যশোর ট্রেজারিতে এবং আটক ব্যক্তি ও অন্যান্য মালামাল শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে স্বর্ণ, মাদকসহ অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।