যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় সোহাগ ফকির (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তার হেফাজত থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে সোহাগ ফকিরকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্তের পর সিআইডির একটি দল এ অভিযান পরিচালনা করে।
সোহাগ ফকির মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি এলাকার বাসিন্দা।
সিআইডি জানায়, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় গত ১১ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৫০-এর ৪, ৫ ও ৯(ক) ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলার তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার সোহাগ ফকিরকে আদালতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।