পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বাস টার্মিনাল ও যানবাহনের আধুনিক অনলাইন ডাটাবেজ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।
শনিবার বিকেলে রাঙ্গামাটি শহরের লেক ভিউ গার্ডেন এলাকায় জেলা পুলিশের উদ্যোগে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেজ এবং ট্রাফিক সচেতনতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাস টার্মিনাল ও সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেজ তৈরি হওয়ায় যানবাহন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রশাসনের কাছে সহজে সংরক্ষিত থাকবে। এতে যানবাহন ব্যবস্থাপনা, নিরাপত্তা তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজ আরও কার্যকর হবে।
দীপেন দেওয়ান বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে আরও সুন্দর, নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকারের পক্ষ থেকে এ লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম নেওয়া হবে।
তিনি আরও বলেন, রাঙ্গামাটি পৌরসভাকে জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। পর্যটননির্ভর এই শহরে শৃঙ্খলাপূর্ণ যানবাহন চলাচল এবং নিরাপদ সড়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।
এ সময় জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শহরের সিএনজি ও মোটরসাইকেলে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। পাশাপাশি চালকদের মাঝে হেলমেট বিতরণ করেন মন্ত্রী।