দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা। এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। এরপর নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন। পরে নির্বাচিত প্রার্থীর নামে গেজেট প্রকাশ করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে বিএনপির সদস্য ২৪৭ জন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিকদের আসনসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। ফলে সংখ্যার হিসাবে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন।
সরল সংখ্যাগরিষ্ঠতার হিসাবে ৩৪৯ ভোটের মধ্যে ১৭৫ ভোট পেলেই একজন প্রার্থী নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রকাশ্য ব্যালটে হচ্ছে। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে প্রার্থীর নাম লিখে স্বাক্ষর করবেন। ফলে কে কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা গোপন থাকবে না।
রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও সংসদ সদস্য হওয়ায় ভোট দিতে পারবেন। তবে অপর প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ সংসদ সদস্য নন। তাই প্রার্থী হলেও তিনি এ নির্বাচনে ভোট দিতে পারবেন না।
দীর্ঘ ৩৫ বছর পর একাধিক প্রার্থী নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবারের ভোটকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ১৯৯১ সালের পর আর কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। পরবর্তী নির্বাচনগুলোতে একক প্রার্থী থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি।
১৯৯১ সালের ৮ অক্টোবর সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা হায়দার চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আব্দুর রহমান বিশ্বাস পেয়েছিলেন ১৭২ ভোট এবং বদরুদ্দোজা হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ স্বচ্ছভাবে তুলে ধরতে নির্বাচন কমিশন ও সংসদের পক্ষ থেকে ভোটের বিভিন্ন পর্যায় সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, ভোট শুরুর পাঁচ মিনিট আগে লাইভ সম্প্রচার শুরু হবে। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি দেখানো হবে। ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবারও লাইভ সম্প্রচার শুরু হবে এবং ফলাফল ঘোষণাও সরাসরি সম্প্রচার করা হবে।
বুধবার বিকেলে সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে চিফ হুইপ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর দেশের মানুষ আবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটপ্রক্রিয়া প্রত্যক্ষ করছে। একই দিন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভাও অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
চিফ হুইপ আরও জানান, নতুন রাষ্ট্রপতির শপথ আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।