বাংলাদেশি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাজ্যের ‘ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেড’-এর আন্তর্জাতিক শিক্ষা কৌশল ডেলিভারি লিড জোনাথন লেজারের সঙ্গে বৈঠক করেছেন।
লন্ডনে চলমান এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এর প্রেক্ষাপটে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ, চাকুরির বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা উন্নয়ন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) ব্যবস্থার আধুনিকায়নের জন্য যুক্তরাজ্যের সহায়তা নিয়ে আলোচনা হয়।
কেমব্রিজ পার্টনারশিপ ফর এডুকেশন এবং যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন কারিগরি ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।
বাংলাদেশি প্রতিনিধি দল শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লিঙ্কেজ জোরদার করা এবং বাজার-চাহিদা অনুযায়ী আধুনিক কারিকুলাম তৈরির সরকারের অগ্রাধিকারের বিষয় তুলে ধরেন।
যুক্তরাজ্য প্রতিনিধি জোনাথন লেজার বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা শেয়ার করেন, যেখানে শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির কৌশল আলোচনা করা হয়।
উভয় পক্ষই ভবিষ্যতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যৌথ কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বের পথ উন্মুক্ত রাখার বিষয়ে একমত হন।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের উর্ধ্বতন শিক্ষা ও বাণিজ্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।