শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনের জন্য বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই উদ্যোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও মানোন্নয়ন করতে হবে।
বুধবার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) অনুষ্ঠিত ‘আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড সেরিমনি ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণে আইইউটির অবদান অনস্বীকার্য। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা শুধু দেশে নয়, আন্তর্জাতিক মঞ্চেও সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে কঠোর পরিশ্রমের মাধ্যমে আরও উচ্চতায় পৌঁছাতে শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে।
অনুষ্ঠানে আইইউটির ক্যাম্পাসে সৌরশক্তি ভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থার গুরুত্বও তুলে ধরা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে আইইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর ড. হিসেইন আরাবি নূর বক্তব্য রাখেন। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারি স্বাগত বক্তব্য দেন এবং রেজিস্টার ড. মুবেসা উমর শুভেচ্ছা বক্তব্য রাখেন।
মোট ১১টি ব্যক্তিগত ও দলগত ক্যাটাগরিতে ১২৩ জন শিক্ষক ও শিক্ষার্থী এক্সিলেন্স অ্যাওয়ার্ড পান। শিক্ষামন্ত্রী তাদের হাতে স্বীকৃতি সনদ তুলে দেন।