দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে তাদের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের সুপ্ত প্রতিভা আবিষ্কারের লক্ষ্য এই কর্মসূচি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ভার্চুয়ালি দেশের অন্যান্য জেলা ও মাঠের হাজারো প্রতিযোগীও যুক্ত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া অফিসগুলো কার্যক্রম দেখভাল করছে।
মূল উদ্দেশ্য হলো ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করা। এতে তাদের দলগত চেতনা, নেতৃত্বগুণ এবং শৃঙ্খলাবোধ বৃদ্ধি পাবে।
ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১২-১৭ এপ্রিল দেশজুড়ে ১,৬০,৭৭৯ জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। সিলেট জেলায় সর্বোচ্চ ১৫,৩২৪ জন, চট্টগ্রামে ৯,৩০৫ জন এবং ঢাকায় ৮,৮৯৬ জন আবেদন করেছেন।
উপজেলা থেকে জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা চলবে। বাছাইকৃত খেলোয়াড়দের জেলা পর্যায় থেকে জার্সি ও সনদপত্র প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প ও বিকেএসপিতে ভর্তির সুযোগ থাকবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম জানান, আয়োজনটি ১০টি অঞ্চলে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে—ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ। প্রতিটি পর্যায়ে প্রশাসনিক ও বাস্তবায়ন কমিটি তদারকি করছে।
ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টনে নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা হচ্ছে। দাবায় সুইস লিগ পদ্ধতি, এবং ব্যক্তিগত ইভেন্ট যেমন অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টে প্রাথমিক বাছাই ও ফাইনাল রাউন্ডের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে।
স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, এই প্রতিযোগিতা শিশু-কিশোরদের তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ দিচ্ছে এবং ভবিষ্যতে তারা বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়ায় নেতৃত্ব দিতে সক্ষম হবে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি দেশের ক্রীড়া সংস্কারের জন্য একটি শক্তিশালী, সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।