এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৯-৩৫ পয়েন্টে কোরিয়াকে হারিয়ে পদকের আশাও জোরালো করেছে বাংলাদেশ।
কাবাডিতে দক্ষিণ কোরিয়া সমীহ জাগানো একটি দল। ২০১৮ সালের এশিয়ান গেমসে রৌপ্যপদক জিতেছিল তারা। সেই দলের বিপক্ষে শুরু থেকেই দারুণ লড়াই করেছে বাংলাদেশ।
প্রথমার্ধে ১৭ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ, কোরিয়ার পয়েন্ট ছিল ১৬। দ্বিতীয়ার্ধেও লড়াই ছিল সমানে সমান। এ সময় বাংলাদেশ পায় ২২ পয়েন্ট, বিপরীতে কোরিয়ার সংগ্রহ ১৯।
শেষ পর্যন্ত ৩৯-৩৫ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
তবে এই জয়ের পর বিশ্রামের সুযোগ নেই। আজই পরের ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।
পুরুষ কাবাডিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ভারত ও স্বাগতিক জাপান। গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।
দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে উঠবে। অর্থাৎ গ্রুপ পর্বে শীর্ষ দুইয়ে থাকতে পারলেই শেষ চারে জায়গা করে নেবে বাংলাদেশ।