বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল বাংলাদেশ। প্রথম ৮ মিনিটেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল। এরপর ১৬ মিনিটে আশরাফুল ইসলাম ব্যবধান দ্বিগুণ করলে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়।
দুই গোল পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে শ্রীলঙ্কা। ১৮ মিনিটে কুশল ভীরাপ্পোলির গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে তারা।
তবে ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। ২৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন আমিরুল ইসলাম। তাঁর গোলে স্কোরলাইন হয় ৩-১।
এরপরও আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ। ৪৩ মিনিটে মাহবুব হোসেন গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১।
শেষ কোয়ার্টারেও আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন আশরাফুল ইসলাম। শেষ পর্যন্ত ৫-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এশিয়ান গেমসে এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে তিন ম্যাচে ৩ পয়েন্ট হলো বাংলাদেশের। এক জয় ও দুই হার নিয়ে পুল ‘এ’-তে চতুর্থ অবস্থানে রয়েছে তারা।
পুল ‘এ’-তে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বিপক্ষে। ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।