পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয় জানিয়েছে, জামাতে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। সময়মতো উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মুসল্লিদের ওজু সম্পন্ন করে নামাজে আসার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে জায়নামাজ, মোবাইল ফোন, ছাতা কিংবা অন্য কোনো ব্যাগ সঙ্গে না আনার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, ঈদের জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।