রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অন্তর্ভুক্ত করা ও সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলসহ গুরুত্বপূর্ণ পাঁচটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভা বৈঠকের অ্যাজেন্ডায় নিম্নোক্ত ৫ বিষয়—
১। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে (ক) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি, (খ) ঢাকা মেট্রোপলিটন পুলিশে অন্তর্ভুক্তি, (গ) ঢাকা ওয়াসায় অন্তর্ভুক্তি এবং (ঘ) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন।
পূর্বাচল নূতন শহর প্রকল্প এলাকা ৩টি জেলার অন্তর্ভুক্ত হওয়ায় প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের কার্যক্রম অপর্যাপ্ত এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাগরিক সেবাসমূহের প্রাপ্যতা নিশ্চিত করা যাচ্ছে না। এছাড়া, প্রকল্প এলাকা ঢাকা সিটি কর্পোরেশনভুক্ত না হওয়ায় ওয়াসার সেবা পাওয়া সম্ভব হচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে, পূর্বাচল নূতন শহর প্রকল্প এলাকায় নাগরিক সেবা, যেমন: জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেন নির্মাণ/সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ, মশক নিয়ন্ত্রণ প্রভৃতি কার্যক্রমের পাশাপাশি টেকসই নগর ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্প এলাকাকে বসবাসের উপযোগী করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তকরণ আবশ্যক। সেইসঙ্গে পূর্বাচল নূতন শহর প্রকল্প এলাকায় বসবাসকারী নাগরিকগণের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ কার্যক্রম নিশ্চিতকল্পে প্রকল্প এলাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত করা প্রয়োজন। পূর্বাচল নূতন শহর প্রকল্প এলাকার কার্যকর, সুষ্ঠু পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার অধিক্ষেত্রাধীন করা আবশ্যক। পূর্বাচল নূতন শহর প্রকল্প এলাকার নাগরিক সুবিধাদি সম্প্রসারণের লক্ষ্যে এবং সুষ্ঠু প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা যৌক্তিক। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই প্রস্তাবগুলো মন্ত্রিসভা নীতিগত অনুমোদন করেছে।
২। জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০২০ সাল হতে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে পালন করছে। চা উৎপাদনকারী বেশ কিছু দেশ (যেমন-ভারত, শ্রীলঙ্কা, চীন, কেনিয়া ও ভিয়েতনাম) ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ পালন করে থাকে। আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের লক্ষ্যে এ সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভা-বৈঠকে অনুমোদন করা হয়েছে।
৩। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান ও কমিশনারদের বয়স সংক্রান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫ এর উপ-ধারা (৬) এর শর্ত বিলুপ্তকরণের প্রস্তাব অনুমোদন।
‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ালেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভা-বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫ এর উপ-ধারা (৬) এ কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে তাদের বয়সের সর্বোচ্চ সীমা ৬৫ বৎসর নির্ধারণ করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বৎসর নির্ধারিত থাকায় পুঁজিবাজার খাতে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে চেয়ারম্যান ও কমিশনার হিসেবে নিয়োগের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হয়। এ কারণে চেয়ারম্যান ও কমিশনার পদের নিয়োগ যোগ্যতার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত শর্তটি জনস্বার্থে বিলুপ্ত করার উদ্দেশ্যে বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
উল্লেখ্য, পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া ও শ্রীলঙ্কাসহ এশিয়ার অনেক দেশে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ও কমিশনার পদে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত নেই।
৪। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের বয়স সংক্রান্ত ‘বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’ এর ধারা ৭ এর উপ-ধারা (৩) এর দফা (ছ) বিলুপ্তকরণের প্রস্তাব অনুমোদন।
‘বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৭ এর উপ-ধারা (৩) এর দফা (ছ) এ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে তাদের বয়সের সর্বোচ্চ সীমা ৬৭ বৎসর নির্ধারণ করা হয়েছে।
কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত থাকায় বিমাখাতে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে চেয়ারম্যান ও সদস্য হিসেবে নিয়োগের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হয়। এ কারণে চেয়ারম্যান ও সদস্য পদের নিয়োগ যোগ্যতার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত দফাটি জনস্বার্থে বিলুপ্ত করার উদ্দেশ্যে বিদ্যমান আইনের সংশোধন প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
৫। দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন।
সংসদ-সদস্যদের পারিতোষিক ও ভাতাদি ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩’ অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। উক্ত অর্ডারের আর্টিকেল ৩সি-এর বিধান অনুযায়ী সংসদ-সদস্যগণ শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করে থাকেন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করার জন্য ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।