জাতীয় সংসদে কার্যকর, দায়িত্বশীল ও তথ্যসমৃদ্ধ ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে দলের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সভায় প্রধানমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে তথ্যসমৃদ্ধ হতে হবে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে এবং সংসদে বক্তব্য দেওয়ার সময় সতর্ক, দায়িত্বশীল ও প্রাসঙ্গিক থাকতে হবে।
তিনি নারী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। একই সঙ্গে ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর জনগণ মানসিক যন্ত্রণার মধ্যে ছিল এবং মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষ গণতান্ত্রিক অধিকার ভোগ করছে।
সভায় জাতীয় সংসদে সংসদ সদস্যদের কর্মপদ্ধতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
সভায় বিএনপি দলীয় ৩৬ জন নারী সংসদ সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জন সংসদ সদস্য বক্তব্য রাখেন।
সভা শেষে নারী সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে দলীয়ভাবে নারী সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে এবং তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ দিয়েছেন।
সভায় বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এর মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।