সরকারের সমালোচনা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন।
রবিবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সভ্যতার বিকাশের ধারায় সাংবাদিকতা এমন একটি অবস্থানে পৌঁছেছে যে, সংবিধানিকভাবে রাষ্ট্রের অঙ্গ না হলেও এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
তিনি বলেন, সাংবাদিকতার দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ বা সত্য উদ্ঘাটন নয়; সেই সত্যকে জনকল্যাণে কাজে লাগানোও সমান গুরুত্বপূর্ণ। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, উদ্ঘাটিত সত্য অনেক সময় ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা পূর্বধারণার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
জহির উদ্দীন স্বপন আরও বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উপকরণ। শাসক রাষ্ট্রীয় ক্ষমতা জনকল্যাণে ব্যবহার করবেন নাকি নিপীড়নের হাতিয়ার হিসেবে প্রয়োগ করবেন, তা তার উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। জবাবদিহি নিশ্চিত না হলে রাষ্ট্র পরিচালনা সঠিক দিকনির্দেশনা হারায় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন নিউ এজ-এর সম্পাদক নুরুল কবীর।
সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।