সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।
তিনি আরও বলেন, জমির উদ্দিন সরকার বিভিন্ন সময়ে শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকবার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। রাজনৈতিক প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি এবং দৃঢ়তার সঙ্গে দলের আদর্শ ধারণ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান বিএনপির ইতিহাসে এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব ও দেশপ্রেমিককে হারালো। তাঁর কর্মময় জীবন, সততা ও প্রজ্ঞা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
শেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমের জান্নাতুল ফেরদৌস কামনা করেন।