কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
রবিবার (১২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, দেশটির সর্বোচ্চ সরকারি দপ্তর আমিরি দিওয়ান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে কাতার জ্বালানি খাত, অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।
২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন। এরপর তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি কাতারের নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
শেখ হামাদের নেতৃত্বে বিশ্বের অন্যতম শীর্ষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশে পরিণত হয় কাতার। একই সময়ে দেশটি বৈশ্বিক কূটনীতি, বিনিয়োগ ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে।
রয়টার্সের প্রতিবেদনে তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।