নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর সুবিধা আরও বাড়ানো হয়েছে। এখন এসব উপকরণ আমদানিতে মোট করভার ১ শতাংশ প্রযোজ্য হবে। এ সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন কার্যকর থাকবে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৫৯-আইন/২০২৬/১৪/কাস্টমস, তারিখ ৮ জুন ২০২৬-এর মাধ্যমে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির গুরুত্বপূর্ণ উৎস সৌর বিদ্যুৎ খাতের বিভিন্ন উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এতে এসব উপকরণ আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট করভার ছিল ১৭ শতাংশ।
বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এ সুবিধা আরও বাড়ানো হয়েছে। নতুন সুবিধার আওতায় সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং সম্পূর্ণ রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া আগে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এ সুবিধা প্রযোজ্য ছিল না। বর্তমানে শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও এ সুবিধা পাবেন। ফলে তাদের আমদানি করা এসব উপকরণের ক্ষেত্রেও মোট করভার ১ শতাংশ প্রযোজ্য হবে। এ সুবিধাও প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন কার্যকর থাকবে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে, নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়বে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে।