তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি বলেন, অতীতের গণমাধ্যম নিয়ন্ত্রণের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চায়।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম সভ্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তবে বর্তমান সময়ে তথ্যের অভাব নয়, বরং অপতথ্য, বিকৃত তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, তথ্যের স্বাধীনতা মানে যাচাইহীন তথ্য ছড়িয়ে দেওয়া নয়। অবাধ তথ্যপ্রবাহকে অবশ্যই দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও পরিচ্ছন্ন হতে হবে। তথ্য গণতন্ত্রের জন্য অক্সিজেনের মতো, কিন্তু দূষিত তথ্য সমাজের জন্য ক্ষতিকর।
সেমিনারে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও ব্যক্তিগত সম্মানহানির প্রবণতা বেড়েছে। বিশেষ করে ফেসবুক ও ইউটিউবকেন্দ্রিক তথ্য বিশৃঙ্খলা এখন সামাজিক ও রাজনৈতিক সংকটে রূপ নিচ্ছে।
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, অপতথ্য মোকাবিলায় একাডেমিক গবেষণা ও পেশাদার সাংবাদিকতার সমন্বয় জরুরি।
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা স্বাধীন সংবাদ প্রকাশের পরিবেশ, ডিজিটাল নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম। এতে সাংবাদিক নেতা, সম্পাদক ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।