মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ আয়োজিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সমাজ থেকে মাদক দূর করতে কাজ চলছে। সবাই যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকে এবং মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে, সে জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ে ইতোমধ্যে কমিটি করা হয়েছে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে পরিস্থিতির উন্নতি করতে চান তারা। অন্যায়ের বিরুদ্ধে সবার দৃঢ় অবস্থান থাকবে।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব। সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে।
অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাবাডি প্রতিযোগিতা শেষে পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।