প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, শহরাঞ্চলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে দীর্ঘদিন অব্যবহৃত থাকা প্রায় ২০০টি ভবন স্বাস্থ্যসেবার কাজে ব্যবহার করতে সরকার উদ্যোগ নিয়েছে।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রশ্নে শহরের অব্যবহৃত ভবনগুলো স্বাস্থ্য খাতে ব্যবহারের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, এসব ভবনের কিছু পাঁচতলা, কিছু আটতলা—যেগুলো এতদিন কার্যত ব্যবহারের বাইরে ছিল। সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে, যাতে জনস্বাস্থ্যের কাজে লাগানো যায়।
তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই ভবন হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর আগামী দুই মাসের মধ্যে এগুলোকে ছোট আকারের মাতৃসদন ক্লিনিকসহ নারী ও শিশুদের চিকিৎসা সেবার উপযোগী করে গড়ে তোলা হবে।
প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শহরাঞ্চলে মাতৃ ও শিশুসেবা আরও সহজলভ্য হবে এবং বিদ্যমান অবকাঠামোর কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকাল তিনটায় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।