বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে পুত্রজায়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে একান্ত বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ভবনের পঞ্চম তলায় দুই সরকারপ্রধানের এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেরদানা পুত্রায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং আনুষ্ঠানিকতা শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
একান্ত বৈঠক শেষে দুই দেশের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় আসবে।
বাংলাদেশের পক্ষে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
পররাষ্ট্র সচিবের তথ্যমতে, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা যোগ দেবেন। অনুষ্ঠানে মালয় ও বাংলা ভাষায় সাংস্কৃতিক পরিবেশনার আয়োজনও থাকবে।