জাতিসংঘের সদস্যদেশগুলোর পুলিশ প্রধানদের পঞ্চম সম্মেলন ইউএনকপস ২০২৬-এ অংশ নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শনিবার (৪ জুলাই) রাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। আগামী ৭ ও ৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনের মূল অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। তাঁদের বক্তব্যে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার, বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, শান্তিরক্ষা মিশনে অবদান এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনমুখী পুলিশিংয়ের অভিজ্ঞতা তুলে ধরা হবে।
সম্মেলনের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসংঘ পুলিশ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবে। এসব বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের বর্তমান ও ভবিষ্যৎ অংশগ্রহণ, উচ্চপর্যায়ে বাংলাদেশি কর্মকর্তাদের প্রতিনিধিত্ব, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ পুলিশ অবদানকারী দেশ হিসেবে দায়িত্ব পালন করছে। সংশ্লিষ্টদের মতে, ইউএনকপস ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ পুলিশের পেশাগত দক্ষতা, নেতৃত্ব এবং শান্তিরক্ষা কার্যক্রমে অবদানকে আরও সুদৃঢ় করবে।