সাম্প্রতিক চীন সফর শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত এক নৈশভোজে দলের পক্ষ থেকে ‘এক-চীন’ নীতির প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এ নৈশভোজে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অংশ নেন। সফর-পরবর্তী এ আয়োজনে তিনি বিএনপির প্রতিনিধিদলকে সফল চীন সফরের জন্য অভিনন্দন জানান।
ইয়াও ওয়েন বলেন, এ সফরের মাধ্যমে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও চীনের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে সমুন্নত রেখে রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ে দুই দেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।
চীনের রাষ্ট্রদূত আরও বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার মাধ্যমে উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়া এবং চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও গভীর করতে বেইজিং আগ্রহী।
বিএনপির মহাসচিব ও প্রতিনিধিদলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে।
মির্জা ফখরুল চীনকে বাংলাদেশের ‘বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ককে বিএনপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং দলটি কঠোরভাবে ‘এক-চীন’ নীতি অনুসরণ করে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করতে বিএনপি আগ্রহী। বিভিন্ন খাতে চীনের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দ্বিপক্ষীয় সহযোগিতায় নতুন সাফল্য অর্জনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।