চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ও আশপাশের পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম আর কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, জঙ্গল সলিমপুরসহ আশপাশের অঞ্চলগুলোতে যেসব সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির তথ্য পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে পরিকল্পিত যৌথ অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, আলীনগর, বেতুয়া ও চা বাগান এলাকায়ও সন্ত্রাসীদের আনাগোনার তথ্য রয়েছে। এসব স্থান থেকে তাদের সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সাঁড়াশি অভিযান জোরদার করা হবে।
তিনি আরও বলেন, বিদ্যমান আইন যুগোপযোগী না হওয়ায় কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে জুয়া ও অনলাইন বেটিং নিয়ন্ত্রণে নতুন আইন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সংসদ অধিবেশনেই এ বিষয়ে বিল উপস্থাপনের চেষ্টা করা হবে।
মাদক মামলাগুলোর দীর্ঘসূত্রতা কমাতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।
এছাড়া কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান অপরাধ নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়ে আইন সংশোধনের প্রয়োজন রয়েছে।