রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২৫ মে) ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম জানান, ঈদের প্রধান জামাতের জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূল না থাকলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
ঈদগাহে প্রবেশের জন্য চারটি গেট এবং বের হওয়ার জন্য সাতটি পথ রাখা হয়েছে। মোট ১২১টি কাতারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অজুখানা, ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসা, পর্যাপ্ত ফ্যান-লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।
সব মিলিয়ে ঈদ জামাত নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।