বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, বন্দর অবকাঠামো উন্নয়ন এবং নৌপরিবহন খাতের আধুনিকায়নে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। এ লক্ষ্যে আমিরাতের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
রবিবার (২০ জুলাই) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ইকুইলাইন ফাইন্যান্স-এর প্রতিনিধিদলের বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প ও নৌপরিবহন খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ খাতের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বিশেষ করে জাহাজ নির্মাণ, বন্দর অবকাঠামো উন্নয়ন এবং নৌপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের আহ্বান জানান।
এ সময় ইকুইলাইন ফাইন্যান্স-এর প্রতিনিধিরা বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়ন, সমুদ্রগামী জাহাজ সরবরাহ এবং নৌপরিবহন খাতের সার্বিক উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের নৌপরিবহন খাতে বিনিয়োগের সম্ভাবনা, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ভবিষ্যতে এ খাতে যৌথ উদ্যোগ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।