দেশের জেলা পর্যায়ের হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় প্রতিটি জেলা হাসপাতালে ১০টি এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সুবিধা বাড়ানো হবে।
তিনি বলেন, আগের সরকারের সময়ে চিকিৎসা খাতের উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। বিভিন্ন সময়ে যেসব চিকিৎসা মেশিন ও সরঞ্জাম আনা হয়েছিল, সেগুলোর অনেকগুলো ব্যবহার অনুপযোগী ছিল। এ খাতে বিপুল অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এবার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হবে এবং রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা করেন তিনি।
সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, অনেক সময় মানুষ বুকের ব্যথাকে গ্যাসের ব্যথা মনে করে অবহেলা করেন। কিন্তু যেকোনো ধরনের বুকের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাক পরিহার, অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।