সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় তেল শোধনাগার নির্মাণ এখন জরুরি হয়ে পড়েছে।
বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, স্বাধীনতার বহু বছর পরও দেশে মাত্র একটি রিফাইনারি রয়েছে। ইস্টার্ন রিফাইনারি দেশের মোট চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ পরিশোধন করতে পারে। ফলে বাকি জ্বালানি পরিশোধিত অবস্থায় বিদেশ থেকে আমদানি করতে হয়, এতে ব্যয় অনেক বেড়ে যায়।
তিনি বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় জ্বালানি নিরাপত্তা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশের নিজস্ব পরিশোধন সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ এবং সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ ৪৫ জন ফেলো অংশ নেন। সেনাপ্রধান কোর্স সম্পন্নকারীদের অভিনন্দন জানান এবং জাতীয় নিরাপত্তা ও টেকসই উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।