টেক্সটাইল খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীকে নিয়ে একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং আগের কোনো সরকার সেগুলোর স্থায়ী সমাধান করতে পারেনি। সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পর এসব সমস্যা সমাধানে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। এ সময় সরকারকে সহযোগিতা করবেন উদ্যোক্তারা।
শওকত আজিজ রাসেল বলেন, সরকার আন্তরিক হলে দেশের বস্ত্র খাত আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস, বিদ্যুৎ এবং খাতটির আর্থিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি জানান, সরকার ইতোমধ্যে টেক্সটাইল খাতে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। নতুন গঠিত কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসে সমস্যাগুলোর সমাধানে করণীয় নির্ধারণ করবে।
বিটিএমএ সভাপতি আরও বলেন, সরকার বন্ধ কারখানাগুলো চালুর যে উদ্যোগ নিয়েছে, তা সফল হলে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।