পবিত্র ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের যাত্রার টিকিট।
রেলওয়ের পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের ঈদ উপলক্ষ্যে নেওয়া বিশেষ পরিকল্পনা অনুযায়ী, ৩১ মে ও ১ জুনের টিকিট ইতোমধ্যে বিক্রি সম্পন্ন হয়েছে। আগামী ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে।
রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে কেনা এসব অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নামও টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।