রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত জুন মাসে ৫৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে অস্ত্র ও মাদকসংক্রান্ত মোট ৩৬৩টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে অস্ত্র আইনে ৯টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫৪টি মামলা হয়েছে। এসব মামলায় অস্ত্র মামলায় ১৬ জন এবং মাদক মামলায় ৫৩৯ জনসহ মোট ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়েছে ৪টি বিদেশি পিস্তল, ২০টি দেশীয় অস্ত্র, ৮৮ রাউন্ড গুলি এবং ৭টি ম্যাগাজিন। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিত অভিযান পরিচালনা করছে।
মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৪১২ পিস ইয়াবা, ৪০৭ কেজি ২৮১ গ্রাম গাঁজা, ২ কেজি ৯০৯ গ্রাম হেরোইন, ৩১৯ বোতল ফেনসিডিল, ৭৬ বোতল বিদেশি মদ (৪৫০ মিলিলিটার), ৩ লিটার দেশি মদ, ২৪ লিটার ৭০ মিলিলিটার চোলাই মদ, ৩৪ ক্যান ও ৪ বোতল বিয়ার, ৭৪ পিস ট্যাপেন্টাডল এবং ১৪৪ বোতল ইস্কার্ফ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।