দেশের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভায় অংশ নেন তিনি।
সভায় লালন উৎসব, নজরুলবর্ষ এবং ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত অনুষ্ঠেয় শীতকালীন সাংস্কৃতিক উৎসব ঘিরে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।
কর্মকর্তারা জানান, শীতকালীন সাংস্কৃতিক উৎসবে সার্কাস, গ্রামীণ সংস্কৃতি, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়, পাপেট শো এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংস্কৃতি হাজার বছরের পুরোনো। প্রযুক্তির কল্যাণে তরুণ প্রজন্ম বিদেশি সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে, তবে এর অর্থ নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া নয়। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য কীভাবে তরুণদের কাছে আরও বেশি তুলে ধরা যায়, তা নিয়ে ভাবতে হবে।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে নিজেদের সর্বোচ্চ যোগ্যতা ও প্রচেষ্টা দিয়ে কাজ করতে হবে। দেশের জন্য কিছু করার সুযোগ কাজে লাগিয়ে সম্মিলিতভাবে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার চেষ্টা করতে হবে।
সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।