দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শ্রীমঙ্গল সেক্টরের তিনটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে এসব সদস্য ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান। এ সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও আয়োজকদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
বিজিবি জানায়, শ্রীমঙ্গল, বিয়ানীবাজার ও হবিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২০৬টি এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ৩১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ জন্য নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, অত্যাধুনিক ড্রোন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সেক্টর কমান্ডার জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টরের তিনটি ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল আটক করা হয়েছে। এসব ঘটনায় ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।