বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে বিশ্বাসী বিএনপি।
আজ শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের একটি মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিয়ে উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি কিংবা ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতায় বিশ্বাস করে না। দলটি ধর্মীয় মূল্যবোধ, ধর্ম পালনের স্বাধীনতা এবং সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাসী।
তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের উসকানি, গুজব বা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ, স্থানীয় প্রশাসন, বিএনপি ও পূজা উদযাপন কমিটিকে জানাতে হবে।
দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিরাপত্তা পরিকল্পনা, টহল, জরুরি চিকিৎসা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিষয়ে আগেই সমন্বয় সভা করে দায়িত্ব নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রিন্স পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি গুজবে কান না দেওয়া, উসকানিমূলক বক্তব্য পরিহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ দুর্গাপূজা উদযাপনে সরকারের প্রস্তুতি, উদ্যোগ ও সহযোগিতার জন্য বিএনপি সরকারকে ধন্যবাদ জানান। এ সময় প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি এবং আর্থিক সহায়তা এক কোটি থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তারা।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং বিএনপি নেতা উত্তম কুমার বাবুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল সরকার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সরকার, পৌর কমিটির আহ্বায়ক অধ্যাপক সুশান্ত ঘোষ প্রমুখ।