যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত ভারতীয় বংশোদ্ভূত গুরমিত সিংয়ের মার্কিন নাগরিকত্ব বাতিল করে দিয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, নাগরিকত্বের আবেদন করার সময় সিং ২০১১ সালের একটি ধর্ষণ ও অপহরণের ঘটনা গোপন করেছিলেন।
মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, ট্যাক্সিচালক হিসেবে কর্মরত সিং ২০১১ সালের মে মাসে এক নারী যাত্রীকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার সময় যাত্রীকে ঘুমন্ত অবস্থায় নির্জন এলাকায় নিয়ে যান। যাত্রী জেগে দেখেন সিং তার গলায় ছুরি ধরে আছেন। এরপর তাকে বেঁধে, চোখ বেঁধে ও কাপড় খুলে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী পরে পালিয়ে সাহায্য চান।
এই ঘটনার কয়েক সপ্তাহ পরই সিং মার্কিন নাগরিকত্বের আবেদন করেন এবং ঘটনাটি গোপন রেখে ২০১১ সালের ১৯ অক্টোবর নাগরিকত্ব লাভ করেন। নাগরিক হওয়ার পর তিনি প্রথম-ডিগ্রি ধর্ষণ ও অপহরণের দায়ে দোষী সাব্যস্ত হয়ে ২০ বছরের কারাদণ্ড পান।
বিচার বিভাগ ফেব্রুয়ারিতে পূর্ব নিউইয়র্কের ফেডারেল আদালতে নাগরিকত্ব বাতিলের মামলা করে, যার ভিত্তিতে ২৬ আগস্ট আদালত রায় দেয়। অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, “প্রতারণার মাধ্যমে অর্জিত নাগরিকত্ব কোনো অপরাধীকে বিচার থেকে রক্ষা করবে না।” এই রায়ের ফলে কারাদণ্ড শেষে অভিবাসন কর্তৃপক্ষ সিংকে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া বিবেচনা করতে পারবে।