রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)।
বুধবার (২৪ জুন) সংগঠনটির এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে তেকসাস নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন কিংবা শারীরিক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব। অতীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এজন্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সংবাদকর্মীদের নিরাপদ ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান তারা।
উল্লেখ্য, মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, কর্মসূচি শেষে সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের সময় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকীর ওপর হামলার চেষ্টা করা হয়। একই সময়ে দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির এবং এটিএন বাংলার মাল্টিমিডিয়া রিপোর্টার সাইফুল্লাহও হামলার শিকার হন বলে অভিযোগ করেন। তাদের দাবি, জামায়াতের নেতা-কর্মীরা এ হামলা চালান।