দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হবে। রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ আয়োজনের মাধ্যমে প্রথম আসরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়। এরপর দেশের বিভিন্ন অঞ্চলে আটটি ক্রীড়া ইভেন্টে সফলভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সরকার তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়ন করছে।
আয়োজকদের মতে, প্রথম আসরের সফল আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের উদীয়মান ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আজকের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে প্রথম আসরের পর্দা নামবে।