বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও অপারেশনাল সক্ষমতা আরও জোরদার করতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় নবনির্মিত দুটি টিওবি (টেম্পোরারি অপারেশনাল বেস) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন টিওবি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে রিজিয়ন কমান্ডার টিওবি দুটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় সেখানে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
রিজিয়ন কমান্ডার বলেন, নবনির্মিত টিওবি দুটির মাধ্যমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তবর্তী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সক্ষমতা আরও বাড়বে।
বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।